(১) আবেদনকারী প্রস্তাব দাখিলের সময় নিম্নবর্ণিত বিষয়গুলি বিবেচনা করিবে –
(ক) সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয় নাই এইরূপ কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সহিত সংক্ষিপ্ত তালিকাভুক্ত কোনো ব্যবসায় প্রতিষ্ঠান ক্রয়কারীর অনুমোদন ব্যতীত যৌথউদ্যোগ গঠন করিতে পারিবে না;
(খ) সংক্ষিপ্ত তালিকাভুক্ত কোনো আবেদনকারী একের অধিক প্রস্তাবে অংশগ্রহণ করিতে পারিবে না;
(গ) মুখ্য পেশাদার ব্যক্তিবর্গের সংখ্যাগরিষ্ঠ অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী হইবে বা উহার সহিত দীর্ঘমেয়াদে এবং একত্রে কাজ করিবার মতো সুস্থিত অবস্থা (Stable working relationship) বজায় থাকা বাঞ্ছনীয় হইবে;
(ঘ) জীবনবৃত্তান্ত প্রত্যেক পরামর্শক কর্তৃক তারিখসহ স্বাক্ষরিত হইতে হইবে;
(ঙ) জীবনবৃত্তান্ত সঠিক হইবার বিষয়টি নিশ্চিত করিতে হইবে এবং মুখ্য পেশাদার ব্যক্তিবর্গের প্রতিশ্রুতি (Commitment) প্রস্তাবের সহিত দাখিল করিতে হইবে;
(চ) মনোনীত সহপরামর্শক ব্যতীত, মুখ্য কোনো পেশাদার ব্যক্তিকে একের অধিক প্রতিষ্ঠান (Firm) কর্তৃক প্রস্তাব করা যাইবে না; এবং
(ছ) এই উপবিধিতে বর্ণিত গুরুত্বপূর্ণ শর্তাদি পূরণে ব্যর্থতার কারণে প্রস্তাব বাতিলযোগ্য হইবে। (২) ক্রয়কারী, কারিগরি প্রস্তাব উন্মুক্তকরণের জন্য, বিধি ১০ অনুসারে গঠিত প্রস্তাব উন্মুক্তকরণ কমিটির সভা আহ্বান করিবে।
(৩) কারিগরি প্রস্তাব মূল্যায়ন সমাপ্ত হওয়া পর্যন্ত ক্রয়কারী কার্যালয় প্রধান তাঁহার নিকট আর্থিক প্রস্তাব তাঁহার নিরাপদ হেফাজতে বদ্ধ অবস্থায় সংরক্ষণ করিবে।
(৪) প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি ক্রয়কারীর মাধ্যমে কারিগরি প্রস্তাব এবং উন্মুক্তকরণ সংক্রান্ত রেকর্ডপত্র একটি বন্ধ বাক্সে বিধি ১১ অনুসারে গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটির নিকট মূল্যায়নের জন্য প্রেরণ করিবে।