(১) মূল্যায়ন কমিটি প্রাপ্ত সকল কারিগরি প্রস্তাব মূল্যায়ন করিবে এবং বিধি ৮২-এর অধীন ক্রয়ের জটিল প্রকৃতি বিবেচনায়, ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট দরপত্র মূল্যায়নে সহায়তা করিবার উদ্দেশ্যে একটি কারিগরি সাব-কমিটি অথবা উপকারভোগী বা অন্য কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্রয়ের বিষয়ে সুনির্দিষ্ট জ্ঞানের অধিকারী কারিগরি বিশেষজ্ঞগণের সহায়তা গ্রহণ করিতে পারিবে।
(২) দরপত্রের শর্ত মোতাবেক দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্রের নির্ধারিত শর্তের আলোকে গ্রহণযোগ্য দরপত্র চিহ্নিত করিবার উদ্দেশ্যে দরপত্রসহ পর্যালোচনা করিবে, তবে অন্য যেসমস্ত দরপত্র গ্রহণযোগ্য হইবে না, সেইসকল দরপত্র পরবর্তীকালে বিবেচনাযোগ্য হইবে না।
(৩) দরপত্র মূল্যায়ন কমিটি প্রয়োজনে সকল দরপত্রদাতাগণের সহিত দরপত্র মূল্য ব্যতীত, প্রস্তাবিত অন্য যে-কোনো বিষয়ে পৃথকভাবে এবং গোপনীয়তার সহিত আলোচনা করিবে এবং প্রত্যেক দরপত্রদাতা দরপত্রের গোপনীয়তা রক্ষা করিবে এবং অন্য কোনো দরপত্রদাতার নিকট কোনো গোপনীয় তথ্য বা পরিকল্পনা প্রকাশ করিবে না।
(৪) উপবিধি (৩)-এর অধীন আলোচনান্তে মূল্যায়ন কমিটি প্রত্যেক গ্রহণযোগ্য দরপত্রদাতার বরাবরে উহার কারিগরি প্রস্তাবে আবশ্যকীয় পরিবর্তনের রূপরেখাসংবলিত দরপত্র সমন্বয়সংক্রান্ত কার্যবিবরণী প্রেরণ করিবে, যাহা দ্বিতীয় পর্যায়ের দরপত্রে অন্তর্ভুক্ত করিবার ব্যাপারে ক্রয়কারী সম্মত হইয়াছে।
(৫) মূল্যায়ন কমিটির সকল সদস্য এবং সংশ্লিষ্ট দরপত্রদাতাগণ কর্তৃক স্বাক্ষরিত খসড়া দরপত্র সমন্বয়সংক্রান্ত কার্যবিবরণীসহ মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের জন্য ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট তফসিল-২-এ বর্ণিত সময়সীমার মধ্যে দাখিল করিতে হইবে।
(৬) অনুমোদনকারী কর্তৃপক্ষ মূল্যায়ন প্রতিবেদনের কোনো বিষয়ে একমত না হইলে বিষয়টি সম্পর্কে বিধি ৪৭-এর বিধান মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।