(১) নিম্নবর্ণিত কর্মকর্তাগণ মূল্যায়ন কমিটির সভায় সভাপতিত্ব করিবেন, যথা—
(ক) অনুমোদনকারী কর্তৃপক্ষের অব্যবহিত নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা, যদি
অনুমোদনকারী কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক, প্রকল্প ব্যবস্থাপক বা আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ অনুযায়ী আঞ্চলিক, উপআঞ্চলিক, জেলা বা উপজেলার ক্ষমতাপ্রাপ্ত কোনো পর্যায়ের কর্মকর্তা হন;
(খ) উপজেলা বা অন্য কোনো পর্যায়ের অনুমোদনকারী কর্তৃপক্ষ, যদি উক্ত পর্যায়ে অনুমোদনকারী কর্তৃপক্ষের নিম্নে কোনো প্রথম শ্রেণির কর্মকর্তা না থাকে; বা
(গ) ক্রয়কারী কার্যালয় প্রধানের অব্যবহিত নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা, যদি অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধান হন; বা
(ঘ) ক্রয়কারী কার্যালয় প্রধান, যদি অনুমোদনকারী কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদ, বা মন্ত্রণালয়, বা সুপারিশকারী কর্তৃপক্ষ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি হয়; বা
(ঙ) ক্রয়কারী কার্যালয় প্রধান দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হইতে অপারগ হইলে অথবা যেক্ষেত্রে তিনি কারিগরি মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের এখতিয়ার রাখেন, তাহার অব্যবহিত নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা; বা
(চ) কোনো মন্ত্রণালয়ের নিজস্ব ক্রয়ের ক্ষেত্রে, যেখানে সচিব স্বয়ং ক্রয়কারী কার্যালয় প্রধান, সেইক্ষেত্রে সচিবের অব্যবহিত নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা।
(২) কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)-এর অধীন নিবন্ধিত কোনো কোম্পানি যদি কোনো ক্রয়ের ক্ষেত্রে সরকারি রাজস্ব বা উন্নয়ন বাজেটের আওতায় প্রাপ্ত সরকারি তহবিল ব্যবহার করে, তাহা হইলে মূল্যায়ন কমিটির সভায় সভাপতিত্ব করিবার ক্ষেত্রে উক্ত কোম্পানি, সরকারি তহবিলের ক্ষেত্রে এই বিধিমালার বিধান এবং নিজস্ব তহবিলের ক্ষেত্রে কোম্পানি আইনের অধীন প্রযোজ্য নিজস্ব প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করিবে।