TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৬৪ — পেশাগত অসদাচরণ, অপরাধ, চুক্তি বাতিল, ইত্যাদি

অ্যাপে বিধি ও আইন খুলুন

সপ্তম অধ্যায়: পেশাগত অসদাচরণ, অপরাধ ইত্যাদি

সংশোধিত ধারানিচের লেখা ২০০৬ সালের মূল পাঠ। ২০২৬ সনের ৪১ নং আইন এই ধারার কিছু অংশ বদলেছে (কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে); বদলগুলো মূল পাঠের নিচে দেওয়া হলো।

(১) এই আইনের অধীন পণ্য, কার্য বা সেবা ক্রয় কর্মকান্ডের সহিত সংশ্লিষ্ট কোন কর্মকর্তা বা কর্মচারী এই আইন বা তদধীন প্রণীত কোন বিধির বিধান লঙ্ঘন করিয়া কোন পণ্য, সেবা বা কার্য ক্রয় বা সংগ্রহ করিবেন না বা করিবার চেষ্টা করিবেন না ৷

(২) ক্রয়কারী, ক্রয় প্রক্রিয়াকরণ ও চুক্তি বাস্তবায়নকালে, উহার কর্মকর্তা ও কর্মচারীগণ যেন কোন দুর্নীতি, প্রতারণা, চক্রান্ত, জবরদস্তিমূলক বা অন্য কোন কর্মকান্ডে জড়িত না হন তাহার নিশ্চয়াতা বিধান করিবে এবং একইভাবে, এই আইনে সংজ্ঞায়িত কোন দরপত্রদাতা বা পরামর্শক বা ব্যক্তি নৈতিক বিধি পালন করিবে এবং এই মর্মে নিশ্চয়তা বিধান করিবে যে, উহা বা উহার কর্মচারীগণ বা উহার পক্ষে কোন মধ্যস্ততাকারী যেন অনুরূপ কোন কর্মকান্ডে জড়িত না হন ৷

(৩) এই আইন প্রযোজ্য হয় এমন কোন কর্মকর্তা বা কর্মচারী উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া কোন কার্য করিয়া থাকিলে তিনি Government Servants (Discipline and Appeal) Rules, 1985 এর rule 3(b) এবং 3(d) বা উক্ত কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত চাকুরী বিধি অনুযায়ী অসদাচরণ বা দুর্নীতির জন্য দায়ী হইবে এবং উক্ত কারণে তাহার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক কার্যক্রম গ্রহণ করা যাইবে ৷

(৪) উপ-ধারা (৩) এর ব্যবস্থার বিকল্প বা অতিরিক্ত হিসাবে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী বা কোন ব্যক্তির বিরুদ্ধে Prevention of Corruption Act, 1947 এর সংশ্লিষ্ট ধারা এবং প্রযোজ্য ক্ষেত্রে Penal Code, 1860 এর অধীনেও ফৌজদারী কার্যক্রম গ্রহণ করা যাইবে ৷

(৫) কোন ব্যক্তি যদি এই আইনের কোন বিধান লঙ্ঘন করিয়াছে বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে ক্রয়কারী কার্যালয় প্রধান উক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমে বা ভবিষ্যতে অন্য কোন ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য বলিয়া ঘোষণা করিতে পারিবেন ৷

(৬) কোন ব্যক্তি এই আইনের অধীন ক্রয়কারীর সহিত সম্পাদিত চুক্তির কোন মৌলিক শর্ত ভঙ্গ করিলে বা এই আইন ও বিধির সহিত সঙ্গতিপূর্ণ নহে এইরূপ কোন কার্যসম্পাদন করিলে, ক্রয়কারী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে চুক্তি বাতিল করিতে পারিবে এবং উক্ত ব্যক্তি, ঠিকাদার, সরবরাহকারী বা পরামর্শককে উপ-ধারা (৫) অনুযায়ী, বিধি দ্বারা নির্ধারিত মেয়াদ উল্লেখ ক্রমে, সকল সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য বলিয়া ঘোষণা করিতে পারিবে।

সংশোধন: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন)

কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে · গেজেটের ভাষায়

২৭। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৬৪ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৬৪ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “Government Servants (Discipline and Appeal) Rule, 1985 এর rule 3(b) এবং 3(d)” শব্দগুলি, বন্ধনীগুলি, কমা ও সংখ্যাগুলির পরিবর্তে “সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮” শব্দগুলি, বন্ধনীগুলি, কমা ও সংখ্যাগুলি প্রতিস্থাপিত হইবে।

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

৩৩। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৬৪ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৬৪ এর—
(ক) উপ-ধারা (২) এ উল্লিখিত “বা অন্য কোন কর্মকাণ্ডে” শব্দগুলির পরিবর্তে “প্রতিবন্ধকতামূলক কর্মকাণ্ডে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(৫) সরকার বা ক্রয়কারী কর্তৃপক্ষের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোন ব্যক্তি এই আইন, বিধি, দরপত্র দলিল বা চুক্তির শর্তাবলি লঙ্ঘন, দুর্নীতি, প্রতারণা বা জালিয়াতি, চক্রান্তমূলক বা আঁতাত, জবরদস্তি, প্রতিবন্ধকতা সৃষ্টি, কার্যসম্পাদন ব্যর্থতা অথবা জনস্বার্থবিরোধী অন্য কোন গুরুতর অসদাচরণের কারণে দোষী সাব্যস্ত হইতে পারে তাহা হইলে, তাহার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অভিযোগের বিবরণসহ বিধি দ্বারা নির্ধারিত সময় প্রদানপূর্বক লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে এবং তাহাকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে হইবে।”;
(গ) উপ-ধারা (৬) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৬) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(৬) উপ-ধারা (৫) অনুসারে প্রদত্ত ব্যাখ্যা, উপস্থাপিত তথ্য ও প্রমাণ এবং সংশ্লিষ্ট সকল বিষয় বিবেচনা করিয়া ক্রয়কারী কার্যালয় প্রধান কারণ লিপিবদ্ধপূর্বক কোন ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারি ক্রয়কার্যে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করিতে পারিবে; তবে দুর্নীতি, প্রতারণা বা জালিয়াতি, চক্রান্তমূলক বা আঁতাত, জবরদস্তি, প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনা ব্যতীত শুধু সংশোধনযোগ্য ত্রুটির ক্ষেত্রে অযোগ্য ঘোষণার পূর্বে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংশোধনের সুযোগ প্রদান করিতে পারিবে এবং এই আইনের অধীন অযোগ্য ঘোষণা, তাহার মেয়াদ নির্ধারণ, নিবন্ধন বাতিল, তথ্য সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন