(১) সরকারি ক্রয়ের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নূতন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা বা নারী দরপত্রদাতা অথবা সুযোগবঞ্চিত ব্যক্তিদের ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করিবার তথা চুক্তি প্রাপ্তির সুবিধা সৃষ্টির লক্ষ্যে অথবা যেই সকল ক্ষেত্রে কারিগরি বা সরবরাহ শৃঙ্খলজনিত কারণে কেবল সীমিত সংখ্যক সরবরাহকারী বা ঠিকাদার বা সেবা প্রদানকারী রহিয়াছেন সেই সকল ক্ষেত্রে ক্রয়কারী, ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার অনুমোদনক্রমে, সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণ করিয়া ক্রয়কার্য সম্পাদন করিতে পারিবে।
(২) নিম্নবর্ণিত যে কোন ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগ করা যাইবে, যথা:—
(ক) বিশেষায়িত প্রকৃতির বা সরবরাহ শৃঙ্খলসংবলিত পণ্য, কার্য বা ভৌত সেবা, যাহা কেবল সীমিত সংখ্যক সরবরাহকারী বা ঠিকাদার বা সেবাপ্রদানকারীর নিকট হইতে লভ্য হয়;
(খ) খুচরা যন্ত্রাংশের মজুদ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস করিবার উদ্দেশ্যে, কোন ব্রান্ডের নির্দিষ্ট মান প্রমিতকরণ সংক্রান্ত সরকারি নীতি থাকিলে;
(গ) জরুরি প্রয়োজনে, যাহা পূর্বানুমান করা ক্রয়কারীর পক্ষে সম্ভবপর হয় নাই বা ক্রয়কারীর দীর্ঘসূত্রিতার কারণেও সূচিত হয় নাই, পণ্য, কার্য বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতি অবলম্বন বাস্তবসম্মত নয় বলিয়া প্রতীয়মান হইলে;
(ঘ) সরকারি ক্রয়ের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার স্বার্থে সরকার কর্তৃক স্বীকৃত ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় এবং সরকার কর্তৃক গঠিত বা অনুমোদিত অর্থনৈতিক জোনে উৎপাদিত কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে; এবং
(ঙ) নূতন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা বা নারী দরপত্রদাতা অথবা সুযোগবঞ্চিত ব্যক্তিবর্গসহ অপরাপর দরপত্রদাতাগণের নিকট হইতে, বিধি দ্বারা নির্ধারিত মূল্যসীমাসাপেক্ষে, এলাকাভিত্তিক অধিক্ষেত্র ও বিন্যস্ত শ্রেণি মোতাবেক তালিকাভুক্তির মাধ্যমে পণ্য, কার্য, বা ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে।
(৩) উপ-ধারা (২) এর—
(অ) দফা (ক), (খ) ও (ঘ) এর ক্ষেত্রে কোন মূল্যসীমা প্রযোজ্য হইব না এবং সম্ভাব্য সরবরাহকারী বা ঠিকাদার বা সেবা প্রদানকারীদেরকে দরপত্র দাখিলের জন্য আহ্বান জানাইতে হইবে;
(আ) দফা (গ) এর ক্ষেত্রে নির্দিষ্ট মূল্যসীমার মধ্যে ও বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দরপত্র নিষ্পত্তি করিতে হইবে;
(ই) অভ্যন্তরীণ ক্রয়ে নির্ধারিত মূল্যসীমার মধ্যে দফা (ঙ) এর প্রয়োগ বাধ্যতামূলক হইবে এবং উক্ত ক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় (official cost estimate) উল্লেখ করিতে হইবে এবং কোনো দরপত্রদাতা কর্তৃক দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় হইতে বিধি দ্বারা নির্ধারিত শতকরা হারের অধিক কম বা অধিক বেশি দর উদ্ধৃত করা হইলে উক্ত দরপত্র বাতিল বলিয়া গণ্য হইবে:
তবে শর্ত থাকে যে, বিশেষায়িত বা কারিগরি ধরনের ক্রয়ের ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে দফা (ঙ) প্রয়োগ না করিয়া উন্মুক্ত দরপত্র পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকিবে।