(১) সরকারের উন্নয়ন বাজেটের অর্থ দ্বারা বাস্তবায়িতব্য কোন প্রকল্পের অধীন ক্রয়কার্য পরিচালনার ক্ষেত্রে, সরকার কর্তৃক অনুমোদিত উক্ত প্রকল্প দলিলে বিধৃত সার্বিক ক্রয় পরিকল্পনা ক্রয়কারী বৎসরভিত্তিক হালনাগাদ করিয়া বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন করিবে ৷
(২) সরকারের রাজস্ব বাজেটের অধীন কোন ক্রয়কার্য পরিচালনার ক্ষেত্রে, ক্রয়কারী একটি বাত্সরিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন করিবে ৷
(৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন প্রণীত প্রত্যেক বার্ষিক ক্রয় পরিকল্পনা, ক্রয়কারী কার্যালয় প্রধান বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হইতে হইবে ৷
(৪) ক্রয়কারী এই ধারার অধীন প্রণীত ক্রয় পরিকল্পনা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রচারের ব্যবস্থা করিবে এবং উক্তরূপ প্রচারের ক্ষেত্রে সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত নির্দেশনা অনুসরণ করিবে ৷
(৫) ক্রয়কারী সাধারণভাবে কোন একক ক্রয় কাজকে একাধিক প্যাকেজে বিভক্ত করিতে পারিবে না, তবে ক্রয়কারী ক্রয়কার্য সম্পাদনের সুবিধার্থে একটি একক কাজ একাধিক প্যাকেজে এবং একটি প্যাকেজকে একাধিক লটে বিভক্ত করিতে পারিবে ৷
(৬) উপ-ধারা (৫) এর অধীন কোন একক কাজ একাধিক প্যাকেজে বিভক্ত করা হইলে, উক্ত প্যাকেজসমূহের মোট অর্থের পরিমাণ অনুমোদনের এখতিয়ার যে কর্তৃপক্ষের থাকিবে, উক্ত যে কোন প্যাকেজের চুক্তি সম্পাদনের জন্য সকল প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সেই কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করিতে হইবে ৷
দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে
২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি
৬। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ১১ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ১১ এর—
(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বাস্তবায়িতব্য কোনো প্রকল্পের অধীন ক্রয়কার্য পরিচালনার ক্ষেত্রে, ক্রয়কৌশল অনুসরণে প্রণীত ও সরকার কর্তৃক অনুমোদিত উক্ত প্রকল্প” শব্দগুলি ও কমার পরিবর্তে “বাস্তবায়িতব্য কোনো প্রকল্প বা কর্মসূচীর অধীন ক্রয়কার্য পরিচালনার ক্ষেত্রে, ক্রয়কৌশল অনুসরণে প্রণীত ও সরকার কর্তৃক অনুমোদিত উক্ত প্রকল্প বা কর্মসূচীর” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “রাজস্ব” শব্দের পরিবর্তে “পরিচালন” শব্দ এবং “বাৎসরিক” শব্দের পরিবর্তে “বার্ষিক” শব্দ প্রতিস্থাপিত হইবে;
(গ) উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথা:—
“(৫) ক্রয়কারী ক্রয়কার্য সম্পাদনের সুবিধার্থে কোনো ক্রয়চাহিদাকে যথাযথ কারণ ও যৌক্তিকতা উল্লেখপূর্বক বিধিতে বর্ণিত পদ্ধতিতে একাধিক প্যাকেজে ও প্রয়োজনে প্রতিটি প্যাকেজকে একাধিক লটে বিন্যস্ত করিতে পারিবে।”;
(ঘ) উপ-ধারা (৬) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৬) প্রতিস্থাপিত হইবে, যথা:—
“(৬) উপ-ধারা (৫) এর অধীন কোনো একক প্যাকেজকে একাধিক লটে বিভক্ত করা হইলে, উক্ত লটসমূহের মোট অর্থের পরিমাণ অনুমোদনের এখতিয়ার যেই কর্তৃপক্ষের থাকিবে, উক্ত যে কোনো লটের বা লটসমূহের চুক্তি সম্পাদনের জন্য ক্রয় প্রস্তাব সেই কর্তৃপক্ষের নিকট অনুমোদনের জন্য উপস্থাপন করিতে হইবে।”।
পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।